অনলাইন ডেস্ক 179
বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব
অনলাইন ডেস্ক : বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়ানোর পর এর নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যের বাজারে। ব্রয়লার মুরগি, ডিম, রসুন, আদা, সবজিসহ কয়েকটি নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। অন্যান্য পণ্যের দামেও এর প্রভাব পড়বে বলে ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা।
ভোক্তারা বলছেন, দুই বছর ধরে করোনা মহামারি, জ্বলানি তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ বিভিন্ন কারণে কয়েক দফা বেড়েছে জিনিসপত্রের দাম। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে বিদ্যুতের বাড়তি দাম মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে।
ব্যবসা-বাণিজ্য পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ছোট ব্যবসায়ীরাও। তাঁরা জানান, বিদ্যুতের দাম বাড়ার কারণে সব ধরনের পণ্যের দাম বাড়বে। পণ্যের দাম বাড়লে মানুষ কেনাকাটা কমিয়ে দেয়। ব্যবসা কম হলেও দোকান ভাড়া, বিদ্যুৎ বিলসহ আনুষঙ্গিক খরচ কমে না, বরং ব্যয় বাড়ে। এতে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
গতকাল রাজধানীর কয়েকটি বাজারে গিয়ে জানা গেছে, দুই-তিন দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা এবং ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। দুই দিন আগে ব্রয়লার ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। এখন বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকা। এক সপ্তাহ আগে ব্রয়লার বিক্রি হয়েছিল ১৪৫ থেকে ১৫০ টাকায়।
কারওয়ান বাজারে নরসিংদী ব্রয়লার আড়তের একজন বিক্রয়কর্মী বলেন, শীতের সময় সাধারণত ব্রয়লারের দাম কম থাকে। কিন্তু এবার বেশি। বিদ্যুৎ ছাড়া খামার কল্পনা করা যায় না। বিদ্যুতের দাম বাড়লে খামারিদের খরচ বাড়ে। এ কারণে তাঁরা দাম বাড়ান। বাজারের ডিম ব্যবসায়ী মো. হালিম বলেন, সপ্তাহখানেক আগেও ডিম প্রতি ডজন ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হয়েছে। পাইকারি বাজারে দৈনিকই বাড়ছে দাম।
বাজার ভর্তি শীতের সবজিতে। তবু দাম বাড়তি। কুয়াশার কারণে চার-পাঁচ দিন আগে এক দফা বেড়েছিল সবজির দাম। নতুন করে কয়েকটি সবজি কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বেড়েছে। সবজি ব্যবসায়ীরা জানান, কয়েকদিন খারাপ আবহাওয়া ছিল। সবজি তোলা হয়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ানোর কারণে কৃষকের খরচ বাড়ছে। কৃষক পর্যায়ে দাম আরও বাড়তে পারে।
তেজকুনিপাড়া এলাকার সবজি বিক্রেতা ফয়সাল হোসেন বলেন, ভরা মৌসুমে চড়া দামে সবজি বিক্রি করতে হচ্ছে। মৌসুমে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে সবজি বিক্রি হয়। এখন বিক্রি করছি ৫০ থেকে ৬০ টাকা দরে। পাইকারি বাজারে বাড়লে খুচরা বাজারে এমনিতেই বেড়ে যায়।
নতুন করে সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন কারওয়ান বাজারের ইয়াসিন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মনোয়ার হোসেন। তিনি বলেন, বিদ্যুতের সঙ্গে সব কিছুরই সম্পর্ক আছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর পরও একইভাবে বাড়বে। তিনি বলেন, দাম বাড়লে মানুষ কম পরিমাণে কেনে। বিক্রি কমে গেলে লাভের পরিমাণও কমে। কিন্তু দোকানের অন্যান্য খরচ কমে না।
জিনিসপত্রের দামের বোঝার পাশাপাশি নিজের আয় কমে যাবে বলে আশঙ্কা করছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক এরশাদ মিয়া। রাজধানীর বেগুনবাড়ী এলাকার এ রিকশাচালক বলেন, 'অটোরিকশা বিদ্যুৎ ছাড়া চলে না। মাস তিন-চারেক আগে রিকশার দৈনিক জমা ৩০০ থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করেছেন গ্যারেজ মালিক। এখন হয়তো আরও ৫০ টাকা বাড়াবেন। কিন্তু যাত্রীরা তো আমারে বাড়তি ভাড়া দিবে না।'
গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের দাম প্রতি ইউনিটে (কিলোওয়াট-ঘণ্টা) ৭ টাকা ১৩ পয়সা থেকে গড়ে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪৮ পয়সা করার ঘোষণা দিয়েছে। ইউনিটপ্রতি গড়ে ৩৫ পয়সার কিছু বেশি দাম বাড়ানো হয়েছে, যা জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে। গ্রাহককে ফেব্রুয়ারি মাসেই বর্ধিত বিল দিতে হবে।
এই বিভাগের আরও খবর
বেক্সিমকোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ
বেক্সিমকোর ব্যবস্থাপনায় ‘রিসিভার’ নিয়োগ
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত
জমজমের পানির নামে কী বিক্রি হচ্ছে বায়তুল মোকাররমে
জমজমের পানির নামে কী বিক্রি হচ্ছে বায়তুল মোকাররমে
৬ মাসে কেরুর আয় ২৩৩ কোটি টাকা
৬ মাসে কেরুর আয় ২৩৩ কোটি টাকা
বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব
বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাব
বাণিজ্য মেলায় নজর কাড়ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’
বাণিজ্য মেলায় নজর কাড়ছে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
এক নজরে প্রস্তাবিত বাজেট
এক নজরে প্রস্তাবিত বাজেট

